জেলা প্রতিনিধি
২১ মার্চ ২০২৬, ০৪:০৩ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সীমান্তে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির টহল দল বিভিন্ন পয়েন্টে বিএসএফ টহল দলের কাছে এসব মিষ্টি হস্তান্তর করে।
বিজিবি সূত্রে জানা যায়, নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ও কমান্ডিং অফিসারকে রংপুর রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে ১টি করে মোট ২ প্যাকেট, শিলিগুড়ি সেক্টরের কমান্ডার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঠাকুরগাঁও সেক্টর কমান্ডারের পক্ষ থেকে ১টি করে মোট ২ প্যাকেট এবং ১৮ বিএসএফ ব্যাটালিয়নসহ অন্যান্য কমান্ডিং অফিসারদের জন্য পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়কের পক্ষ থেকে ১টি করে মোট ৪ প্যাকেট মিষ্টি প্রদান করা হয়।
এছাড়াও, ১৭, ৪৬ এবং ১৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ও বিভিন্ন ক্যাম্পভিত্তিক সদস্যদের জন্য মোট ২৪ প্যাকেট মিষ্টি বিতরণ করা হয়। সব মিলিয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে সর্বমোট ৪৬ প্যাকেট মিষ্টি হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিবছরের ন্যায় এবারও আমরা বিএসএফ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। এই ধরনের উদ্যোগ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব আরও জোরদার করবে।
উল্লেখ্য, সীমান্তে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ কার্যক্রম দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিনিধি/এসএস