প্রতি বছরের ন্যায় কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৯৯তম ঈদ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ঈদ জামাতের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ০৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সীমান্তে নিরবিচ্ছিন্ন দায়িত্বপালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে নির্ভরযোগ্যভাবে দায়িত্বপালন পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও দেশের সর্ববৃহৎ এই ঈদ জামাতে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় সৃষ্টিসহ নিরলসভাবে দায়িত্ব পালন করবে।
ঈদ জামাতে আগত মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ব্যতীত অন্য পথ ব্যবহার না করা, কোনো প্রকার ব্যাগ, ধারাল অস্ত্র বা সন্দেহজনক কোনো কিছু বহন না করার জন্য বলা হয়েছে।
বিজিবি সর্বদা সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। এই বৃহৎ ঈদ জামাত বিজিবি ও অন্যান্য বাহিনীর সম্মিলিত সহযোগিতা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।
প্রতিনিধি/ এজে

