জেলা প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ০৩:২৫ পিএম
বিএনপির সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকাটা স্বাভাবিক এবং এটি গণতন্ত্রের সৌন্দর্য, তবে পিরোজপুরের উন্নয়নের প্রশ্নে কোনো মতপার্থক্য থাকবে না বলে জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
শুক্রবার (২০ মার্চ) বেলা ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবেই, কিন্তু জেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করব। পিরোজপুরকে একটি রোল মডেল জেলায় পরিণত করতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো মতপার্থক্য থাকবে না।
তিনি আরও বলেন, চেয়ার বা পদ যেন আমাদের অহংকারী না করে ফেলে। আমরা যে অবস্থানেই থাকি না কেন, সেই দায়িত্ব আমাদের বিনয়ী করে তুলবে—এটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলায় ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও শাড়ি-কাপড় বিতরণ করা হয়। এছাড়া আগুনে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ সাঈদী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এই উপহার কোনো দয়া নয়, বরং এটি সাধারণ মানুষের অধিকার। আমরা চাই পিরোজপুরের প্রতিটি ঘরে ঈদের হাসি ছড়িয়ে পড়ুক।
তিনি আরও বলেন, আজ সবাইকে ঈদ সামগ্রী দেওয়া সম্ভব হয়নি। যারা এবার পাননি, ভবিষ্যতে বরাদ্দ এলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং পিরোজপুর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হকসহ অন্যান্য নেতারা।
প্রতিনিধি/এসএস