নাটোরের নলডাঙ্গায় অভাব ও অনটনের কারণে সেদ্ধ লাউ পাতা ও শুধু পানি খেয়ে ইফতার করা সেই অসহায় সেলিনা বেগমের পরিবারের জন্য ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ মার্চ) সকালে নলডাঙ্গা উপজেলার আঁচড়াখালি এলাকায় অসহায় সেলিমা বেগমের বাড়িতে যান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এই সময় তিনি পরিবারের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার ও নগদ অর্থ সেলিনা বেগমের কাছে তুলে দেন।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন- আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাকিল আহমেদ, রুবেল আমিনসহ স্থানীয় বিএনপির নেতারা।
দুই বছর আগে একটি দুর্ঘটনায় সেলিনার স্বামী জহুরুল ইসলাম অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন অবস্থায় চরম দুর্দশায় পড়ে পরিবারটি। এরপর থেকেই অর্ধাহার-অনাহারে মানবেতর জীবন পার করে আসছে পরিবারটি। সেলিনার পরিবারে অসুস্থ স্বামী, প্রতিবন্ধী ২ মেয়ে এবং বৃদ্ধা শাশুড়িসহ ৬ সদস্যের রয়েছে। স্বামীর অসুস্থ হওয়ার পর থেকেই পরিবারের মুখে অন্ন তুলে দেওয়া সেলিনার কাছে কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলে সেদ্ধ শাক, শুধু ভাত আর পানি খেয়ে মানবেতর জীবন যাপন করে আসছে।
গত কয়েকদিন আগে নাটোর জেলার নলডাঙ্গার পিপরুল ইউনিয়নের আঁচড়াখালি গ্রামের সেলিনা বেগম, তার স্বামী ও সন্তানরা অভাব-অনটনের কারণে রমজানে সেদ্ধ লাউ পাতা, ভাত ও শুধু পানি দিয়ে সেহরি এবং ইফতার করে মানবতায় জীবনযাপন করছিলেন। এমন একটি সংবাদ গণমাধ্যমে প্রচার হলে তা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি সঙ্গে সঙ্গে 'আমরা বিএনপি পরিবার' সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে অসহায় পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

