জেলা প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম
ঈদের মূল কেনাকাটা শেষ হলেও আনন্দের আমেজ এখনও থামেনি। এখন বাজারে জমে উঠেছে মুসল্লিদের ভিড় টুপি, আতরের দোকানগুলোতে। পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে নতুন টুপি আর পছন্দের সুগন্ধি সংগ্রহে ব্যস্ত সবাই।
দিনাজপুর শহরের অলিগলি থেকে শুরু করে ফুটপাতের ছোট ছোট দোকানেও এখন ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি বাহারি টুপি ও আতরের চাহিদাও বেশ বেড়েছে। ঈদের আগমুহূর্তে এই ধর্মীয় অনুষঙ্গগুলোর বিক্রি পৌঁছেছে তুঙ্গে, আর সেই সঙ্গে বেড়েছে উৎসবের আমেজও।

দোকানগুলোয় গেলে চোখে পড়ে সারি সারি সাজানো দেশি-বিদেশি নানান রকমের বাহারি টুপি। রঙ, নকশা আর মানভেদে প্রতিটি টুপিই যেন আলাদা আকর্ষণ তৈরি করে। ক্রেতাদের চাহিদা ও মান অনুযায়ী এসব টুপি বিক্রি হচ্ছে, যা বাজারে এক বৈচিত্র্যময় দৃশ্যের সৃষ্টি করেছে।

দিনাজপুর সরকারি কলেজের ছাত্র রাবিদ বলেন, পাঞ্জাবি আগেই কিনেছি, কিন্তু টুপি আর আতর ছাড়া ঈদের সাজটা যেন পূর্ণ লাগে না। তাই আজকে বন্ধুদের সঙ্গে এসে পছন্দ করে একটা টুপি আর সুগন্ধি নিলাম।
রাকিব নামে আরেক ক্রেতা বললেন, কয়েক দিন আগে আমি একটি পাঞ্জাবি নিয়েছি। আজ আমি আমার বাবার সঙ্গে টুপি ও আতর কিনতে এসেছি। আমি আমার পছন্দমতো একটি টুপি বেছে নিয়েছি। এগুলো পরে আগামীকাল ঈদগাঁ মাঠে নামাজ পড়তে যাব।

টুপি ও আতর বিক্রেতা রিয়াজ উদ্দিন জানান, সকাল থেকে আমি আব্বাস টুপি বেশি বিক্রি করছি। আজ মোটামুটি ভালোই বিক্রি হয়েছে। এছাড়াও বিভিন্ন ফুলের ঘ্রাণযুক্ত আতর কেনার জন্য মানুষ আসছে, যার ফলে বিক্রিও ভালো হচ্ছে।

ভ্রাম্যমাণ ব্যবসায়ী সাদেক মিয়া বলেন, আজ ঈদের শেষ বাজার, তাই টুপি ও আতরের চাহিদা বেশি। সকাল থেকেই দোকানটি ক্রেতা দিয়ে ভরে গেছে। বিক্রি ভালোই চলছে।
প্রতিনিধি/এসএস