জেলা প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ১১:৪০ এএম
প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) বন্দীদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। ঈদের দিন বন্দীদের জন্য উন্নত মানের খাবারের পাশাপাশি এবার তাদেরকে ঈদ উপহার হিসেবে দেওয়া হচ্ছে নতুন পাঞ্জাবি, পাজামা আর টুপি।
তবে এদিন বন্দীদের অভিভাবক ইচ্ছা করলে বিশেষ এই দিনে সন্তানদের সাথে সৌজন্য সাক্ষাৎও করতে পারবেন। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক মঞ্জুর হাছান বিষয়টি জানান।
শহরতলীর পুলেরহাট এলাকায় অবস্থিত যশোর শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)। সাধারণত যেসব শিশু-কিশোররা নানা অপরাধমূলক কার্যক্রমে সাজাপ্রাপ্ত হয় তাদেরকে সংশোধনের জন্য এই কেন্দ্রে প্রেরণ করা হয়। এখানে যশোর ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে এ ধরনের শিশু-কিশোরদের নিয়ে এসে হেফাজতে রাখা হয়।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ধারণক্ষমতা ১৫০। কিন্তু, বর্তমানে এখানে ‘বন্দী’ আছে ২৩২ জন। তাদের মধ্যে দশ বছর বয়সি শিশু রয়েছে পাঁচজন। অন্যদের বয়স ১৭ বছর বা তার আশপাশের। বিভিন্ন মামলায় আদালত তাদেরকে সাজা প্রদান করেছেন। সংগত কারণেই সাজার মেয়াদ শেষ হওয়ার আগে এসব শিশুকে পরিবার-পরিজন ছাড়াই ঈদ করতে হবে এই কেন্দ্রে।
কেন্দ্রের উপ-পরিচালক মঞ্জুর হাছান জানান, শিশু-কিশোরদের কথা বিবেচনা করে ঈদ উৎসবে তারাও যাতে শামিল হতে পারে সেজন্য তাদেরকে নতুন পাঞ্জাবি আর পাজামা উপহার দেওয়া হচ্ছে। সাথে থাকবে নতুন টুপি। ঈদ উপলক্ষে তাদের খাবারও হবে উন্নত। এদিন সকালের মেন্যুতে থাকবে সেমাই ও ফিরনি। দুপুরে দেওয়া হবে পোলাও, গরুর রেজালা, ডাল এবং কোমল পানীয়। বিকেলে থাকবে মিষ্টি। রাতে মাংসের সাথে থাকবে পাতলা ডাল।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নামাজ আদায়ের স্থানকেও সাজানো হয়েছে নতুনভাবে।
উপ-পরিচালক আরও জানান, ঈদ উপলক্ষে অনেক অভিভাবক তাদের সন্তানদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এবারও সেই সুযোগ থাকছে।
প্রতিনিধি/এসএস