images

সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৯ মার্চ ২০২৬, ১১:৪৯ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ওমান প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে নাইম হোসেন (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার বাগদা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাইম হোসেন উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের লালপুকুর মোল্লাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন পান ব্যবসায়ী।

জানা গেছে, প্রায় এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে ওই গৃহবধূর সঙ্গে নাইমের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে নাইম তাকে নানাভাবে প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত বছরের ৪ এপ্রিল মধ্যরাতে কৌশলে ওই গৃহবধূকে ধর্ষণ করেন নাইম এবং গোপনে সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। ​পরবর্তীতে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত যুবক ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেন এবং বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নেন।

এই ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পরই এ আসামি গ্রেফতারের জন্য অভিযানে নামে পুলিশ। এরই একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে অভিযুক্ত নাইমকে গ্রেফতার করা হয়।

​গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রতিনিধি/এমআই