জেলা প্রতিনিধি
১৯ মার্চ ২০২৬, ১২:৪৪ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ও ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ আর নেই। ডায়াবেটিসজনিত জটিলতায় অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে চট্টগ্রাম নগরীর সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বড় ছেলে, চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহযোগী অধ্যাপক ইফতেখার আরিফ রাজিব। তিনি বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। গতরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. জহুরুল আলম জানান, অধ্যাপক আরিফ আগে থেকেই ডায়াবেটিস ও কাশিজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার রাতের ঝড়ো আবহাওয়ার মধ্যে বাসার জানালা বন্ধ করার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত সিএসসিআর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রাত আনুমানিক সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও সহকর্মী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর সাতকানিয়ার ইছামতিকুল উজির আলী চৌধুরী মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য। তিনি ১৯৫১ সালের ১ মে চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার ইছামতিকুলের ৮ নম্বর ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সাইদুর রহমান। ব্যক্তিগত জীবনে তিনি তিন ছেলের জনক ছিলেন। তার স্ত্রী জান্নাতুন্নেছা একজন গৃহিণী।
শিক্ষাজীবনে তিনি ১৯৬৭ সালে সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৯ সালে সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম থেকে এইচএসসি পাস করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম ও এম.কম সম্পন্ন করেন। ১৯৮২ সালে তিনি ফিলিপাইনস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
অধ্যাপক আরিফ ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে তিনি ২০০১ সালে উপ-উপাচার্য এবং ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম-এর উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শিক্ষা প্রশাসনের বাইরে আর্থিক খাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে তিনি ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া ‘দ্য ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস’ আয়োজিত ‘এশিয়ার বেস্ট বি-স্কুল অ্যাওয়ার্ডস ২০১২’-এ তিনি ‘বেস্ট প্রফেসর ইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট’ সম্মাননায় ভূষিত হন।
প্রতিনিধি/এসএস