সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আল-ফোরকান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আল-ফোরকান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। 

সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ নাম ঘোষণা করেন। তবে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন এখনও জারি হয়নি।


বিজ্ঞাপন


নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘এটি আমার ওপর অর্পিত নতুন এক দায়িত্ব। তবে আমি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রজ্ঞাপন হাতে পাইনি।’

উল্লেখ্য, ড. মোহাম্মদ আল-ফোরকান দীর্ঘদিন ধরে চট্টগ্রামের হাটহাজারীর রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে তিনি চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলালের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন তিনি।

ড. আল-ফোরকান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যাপক। তিনি চবির উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করা ড. ফোরকান ২০০৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

উচ্চশিক্ষা ও গবেষণায় তার উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। তিনি যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডিকা ধানের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা এবং এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলে তেলবীজের গুণগত মান উন্নয়নের ওপর পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পিএইচডি ও পোস্ট-ডক্টরাল গবেষণার জন্য তিনি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) মর্যাদাপূর্ণ বৃত্তি লাভ করেন।


বিজ্ঞাপন


২০০৪ সালে তার ব্যক্তিগত উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ প্রতিষ্ঠিত হয়। তার হাত ধরেই বিভাগে ‘ফাংশনাল জেনোমিক্স অ্যান্ড প্রোটিওমিক্স ল্যাবরেটরি’ (এফজিপিএল) এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রিত গ্রিনহাউস স্থাপিত হয়। তিনি ৩৯ জন এমএস শিক্ষার্থীর থিসিস, সাতজন এম.ফিল গবেষক এবং একজন পোস্ট-ডক্টরাল গবেষকের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত করোনা মহামারির সময়ে তিনি চবিতে কোভিড-১৯ শনাক্তকরণ কার্যক্রমে সমন্বয়কের ভূমিকা পালন করেন। ৩১ বছরের শিক্ষকতা ও গবেষণা জীবনে ড. আল-ফোরকানের ৫১টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য এবং ‘জার্নাল অব বায়োলজিক্যাল সায়েন্সেস’-এর প্রধান সম্পাদক হিসেবেও কাজ করেছেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর