জেলা প্রতিনিধি
১৯ মার্চ ২০২৬, ১২:২২ পিএম
পারিবারিক কলহের জেরে খুলনার বটিয়াঘাটা উপজেলার লবণচোরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় একই পরিবারের চার সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এ হামলার ঘটনা ঘটে। দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন- কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও তার ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ছেলের স্ত্রী ফাহিমাকে ঢাকায় প্রেরণ করা হয়।
লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকের একটি মামলায় গত ৩ বছর আগে কারাগারে যায়। সেখানে সন্ত্রাসী ইমরানের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে রাশিদুল তার বাড়িতে আসা-যাওয়া করত। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। এর আগে গত ৬ মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করে। এ ঘটনা শুনে ক্ষুব্ধ হয় ইমরান এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে হামলার কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।
লবনচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান বলেন, পরকীয়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাদের দু’জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হামলায় অংশ নেয় ৬ জন। তাদের সবাইকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
প্রতিনিধি/এসএস