নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম
পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের গ্রামের বাড়িতে চুরির যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সত্যি নয় বলে জানিয়েছে বাগেরহাট জেলা পুলিশ। একই সঙ্গে বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ সদর দফতর।
বুধবার (১৮ মার্চ) পুলিশ সদর দফতরের বিজ্ঞপ্তি ও বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, ঘটনার প্রকৃত বিবরণ হলো- গত ১৬ মার্চ রাত আনুমানিক ১১টায় ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে রাস্তার দিকে বাসার বাইরের দেয়ালসংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তী সময়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়। বিষয়টি থানা-পুলিশের নজরে আসার পর ১৭ মার্চ অভিযান পরিচালনা করে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এ ঘটনার সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে একই তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর। বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে সদর দপ্তর জানায়, আইজিপির বাসায় কোনো চুরির ঘটনা ঘটেনি। মূলত বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকা তার অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশের নজরে এলে পরদিন অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রবিউল ইসলাম, আব্দুর কাদের ও মো. চঞ্চল শেখ নামের তিনজনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বাগেরহাট পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, ‘মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে ‘আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে’ বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।’
একেএস/এমআই