images

সারাদেশ

যমুনা সেতুতে একদিনে ২ কোটি ৮৪ লাখ টাকার টোল আদায়, বেড়েছে যানবাহনের চাপ

জেলা প্রতিনিধি

১৭ মার্চ ২০২৬, ০১:৫৭ পিএম

ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তবে, এ মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলাচল করছে ছোট-বড় সবধরনের যানবাহন।

গত ২৪ ঘণ্টায় মহাসড়কের উত্তরবঙ্গসহ প্রায় ২৬টি জেলার প্রবেশদ্বার যমুনা সেতু দিয়ে মোট ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে টাঙ্গাইলের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত রোববার (১৫ মার্চ) রাত ১২টা থেকে সোমবার (১৬ মার্চ) রাত ১২টা পর্যন্ত অর্থাৎ একদিনে ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে।

এরমধ্যে যমুনা সেতু পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেনে ২০ হাজার ৭৫টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। অপরদিকে, সেতু পশ্চিম প্রান্ত ঢাকাগামী লেনে ১৫ হাজার ৫৮৩টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা।

 

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও স্বাভাবিক গতিতেই যানবাহন পারাপার হচ্ছে। এছাড়াও যানজট নিরসনের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিনিধি/টিবি