জেলা প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ০৪:২৮ পিএম
মুন্সিগঞ্জ সদর উপজেলার নলবুনিয়াকান্দি এলাকায় রজতরেখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন দিন পর আবির হোসেন নামের ১৫ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নিহত স্কুল শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার হয়।
নিহত আবির হোসেন, মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। তার বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকায়। সে ওই এলাকার স্থানীয় বাসিন্দা আকতার হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে নলবুনিয়াকান্দি গুদারাঘাট এলাকায় রজতরেখা নদীতে চার বন্ধু একসাথে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতের কবলে পড়ে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আবির হোসেন পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
এরপর খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নিখোঁজের প্রায় একদিন পরে সোমবার সকালে নিহতের মরদেহ উদ্ধার হয়।
বিষয়টি নিশ্চিত করে, মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর প্রায় ২০ ফুট পানির নিচ থেকে নিহত স্কুল ছাত্র আবির হোসেনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে উদ্ধার করা মরদেহটি আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে নদীতে পানির গভীরতা বৃদ্ধি পাওয়ায়, স্রোতের কবলে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস