যশোরের অভয়নগরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরের ভেতরে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে শাহজাহান মোল্লা (৭০) নামে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) ভোর রাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ভাঙ্গাগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শাহজাহান মোল্লা ওই গ্রামের মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত কারণে অসুস্থ ছিলেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ বাচ্চু জানান, ভোর রাতে শাহজাহান মোল্লার বাড়িতে শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় শাহজাহান মোল্লার স্ত্রী কোনোমতে ঘর থেকে বের হতে পারলেও অসুস্থতার কারণে তিনি বিছানা থেকে উঠতে পারেননি। ফলে ঘুমন্ত অবস্থায় আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘরের ভেতর থেকে ওই বৃদ্ধের ঝলসানো মরদেহ উদ্ধার করেন। আগুনে ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

