জেলা প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ০২:১০ পিএম
সিরাজগঞ্জে পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ব্যবসায়ীদের কাছে ‘ঈদ সম্মানী’ হিসেবে চাঁদা দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে সদর থানায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, শেরপুর থানার কৃষ্ণপুর নামাপাড়া এলাকার আমজাদের ছেলে সোহেল মিয়া (৩৪), একই থানার খানপুর এলাকার মৃত রমজান আকন্দের ছেলে বাদশা আকন্দ (৫০) এবং খানপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. রিপন (২২)।
আরও পড়ুন
পুলিশ বিজ্ঞপ্তিতে জানায়, ০১৮৮৫-৩৫২৫৬৪ ও ০১৯৯৮-১০০৮৭৬ নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে তারা শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীদের কাছে নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে ঈদ উপলক্ষে সম্মানী দাবি করতেন। বিষয়টি জানার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড ও একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ দাবি ও প্রতারণার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সার্কেলের মো. নাজরান রউফসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস