জেলা প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম
বরিশালের শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভুলবশত অ্যানেস্থেসিয়া ইনজেকশন পুশ করায় পাঁচ মিনিটের ব্যবধানে দুই নারী মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (১৫ মার্চ) সকালে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের চতুর্থ তলার ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ এটিকে অপেশাদারিত্ব ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
নিহতরা হলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার শেফালী বেগম (৬০) এবং বরিশাল নগরীর কাশিপুর এলাকার হেলেনা বেগম (৪৮)।
এদের মধ্যে শেফালী বেগম গালের টিউমারজনিত সমস্যায় গত ২২ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন। অন্যদিকে হেলেনা বেগম গলায় থাইরয়েড সমস্যার কারণে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রোববার সকালে তাদের দুজনেরই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল।
মৃতের স্বজনদের অভিযোগ, সকাল প্রায় ৭টার দিকে নাক, কান ও গলা বিভাগের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হাওলাদার অ্যান্টিবায়োটিক মনে করে ভুলবশত অ্যানেস্থেসিয়া (শরীর অবশ করার) ইনজেকশন পুশ করেন। প্রথমে হেলেনা বেগমের হাতে শিরায় ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান। কিছুক্ষণ পর একই নার্স পাশের ৭ নম্বর বেডে থাকা শেফালি বেগমের শরীরেও একইভাবে অ্যানেস্থেসিয়া ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার পরপরই তার অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং কয়েক মিনিটের মধ্যেই তিনিও মারা যান। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে একই ওয়ার্ডে দুই রোগীর মৃত্যুতে স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ঘটনাটিকে চিকিৎসায় চরম অবহেলা ও দায়িত্বহীনতার ফল বলে অভিযোগ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন
অভিযুক্ত সিনিয়র নার্স মলিনা রানী হাওলাদার নিজের ভুল স্বীকার করে সাংবাদিকদের বলেন, সারারাত ডিউটি করার পর সকালে কীভাবে এমন ভুল হয়ে গেল তা আমি নিজেও বুঝতে পারছি না। এটি আমার ভুল হয়েছে।
এ বিষয়ে শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রাথমিকভাবে দায়িত্বে থাকা নার্সদের অবহেলার বিষয়টি সামনে এসেছে। বিষয়টি অপেশাদারিত্ব এবং শাস্তিযোগ্য অপরাধ। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের পরিবারের সদস্যরা চাইলে আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও তাদের সহযোগিতা করা হবে।
প্রতিনিধি/এসএস