জেলা প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ০৩:২৬ পিএম
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মশা নিধন স্প্রে কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিযানের সূচনা করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মমিন উদ্দিন, ডাব্লিউসিসির চেয়ারম্যান প্রফেসর ডা. খালিদ মাহমুদ শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. হুমাউন কবির এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার।
পরে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার করা হয়। অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্যে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাসাবাড়ি এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।
তিনি আরও বলেন, ঘরের আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সবাই মিলে উদ্যোগ নিলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
প্রতিনিধি/এসএস