জেলা প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ১২:০৪ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের সাহারবাটি গ্রামে একটি ভুট্টা খেত থেকে দুইটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে সাহারবাটি গ্রামের মৃত মাহাতাব মণ্ডলের ছেলে দানেসুর রহমানের ভুট্টা খেতের আইলে একটি কলা গাছের পাশে সাদা প্লাস্টিকের শপিং ব্যাগের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ বস্তু দুটি দেখতে পান স্থানীয়রা।
পরে স্থানীয়রা বিষয়টি গাংনী থানা পুলিশকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ককটেল সদৃশ বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস