বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

বাংলাবান্ধা স্থলবন্দরে ট্রাক থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৯:৩৩ পিএম

শেয়ার করুন:

বাংলাবান্ধা স্থলবন্দরে ট্রাক থেকে উদ্ধার করা পরিত্যক্ত মর্টার শেল

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ভারত থেকে আমদানি করা পাথরের ট্রাকে আসা একটি পুরোনো মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৭৩১/২৩ আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়ুয়াপাড়া এলাকা থেকে শেলটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ভারত থেকে আমদানিকৃত পাথরের ট্রাক আনলোড করার সময় স্থানীয় শ্রমিক জিল্লুর রহমান মর্টার শেলের মতো দেখতে একটি বস্তু খুঁজে পান। লোহার টুকরো মনে করে তিনি সেটি নিজের বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে জানানো হলে, বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১১টার দিকে বস্তুটি উদ্ধার করে। এরপর রাত ১টা ৫০ মিনিটে তেঁতুলিয়া মডেল থানার এসআই কমলেশ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দলের কাছে মর্টার শেলটি হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, উদ্ধারকৃত মর্টার শেলটি থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি আদালত এবং বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি তেঁতুলিয়া সদর ইউনিয়নের রণচণ্ডী এলাকা থেকে উদ্ধার করা আরেকটি মর্টার শেল গত ৮ মার্চ আজিজনগর এলাকায় সফলভাবে নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর