জেলা প্রতিনিধি
০৯ মার্চ ২০২৬, ০৭:৪৫ এএম
সাতক্ষীরার কালিগঞ্জে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ও মারধর করে প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত ওই এজেন্টকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৮ মার্চ) উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত ওলি আহম্মেদের ছেলে মো. মোকলেছুর রহমান (৩৫) পেশায় একজন বিকাশ এজেন্ট। রোববার দুপুর আনুমানিক ২টার দিকে তিনি মোটরসাইকেলে করে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার গতিরোধ করে হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকাভর্তি একটি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়া টাকার পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে। হামলার সময় তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর কৃষ্ণনগরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/টিবি