জেলা প্রতিনিধি
০৭ মার্চ ২০২৬, ০১:৩৫ পিএম
নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে আটটায় ডাক্তারদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালে কর্তব্যরত ২১ জন ডাক্তারের মধ্যে ডেপুটেশন, অফ ডেসহ ৫ জন ছুটি থাকায়, ১৬ জনের মধ্যে ৮ জনের উপস্থিতি দেখতে পান। এর মধ্যে ২ জন ডাক্তার আবার নির্ধারিত সময়ের পরে আসেন। পরে তিনি হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন ও রোগীদের সঙ্গে কথা বলেন।
১ ঘণ্টা হাসপাতালে অবস্থানের পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়েছি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময় মতো ডাক্তাররা আসেন না। এরই প্রেক্ষিতে আজকে সকালে হাসপাতাল পরিদর্শন করে তার সত্যতা পেয়েছি। আমরা আজকে কর্তব্যরত ১৬ জন ডাক্তারের মধ্যে ৮ জনের উপস্থিতি পেয়েছি। ডাক্তাররা মানবিক কাজ করেন। আমরা স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। তা ডাক্তারদের মাধ্যমেই পৌঁছে দেওয়া হবে। কিন্তু তারাই সময়মতো উপস্থিত হয়নি। যারা উপস্থিত হয়নি তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা নগদ টাকা দিয়ে রেবিক্স টিকা কিনছি। প্রতি উপজেলায় টিকা পৌঁছে দেওয়া হচ্ছে। দেশে রেবিক্স টিকার আর সমস্যা হবে না।
এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুন, পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলমসহ প্রমুখ।
প্রতিনিধি/এসএস