জেলা প্রতিনিধি
০৭ মার্চ ২০২৬, ০৯:৪২ এএম
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৯৩ বোতল ভারতীয় মদ ও ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার সিজার মূল্য ১ লাখ ৫৭ হাজার টাকা।
শুক্রবার (৬ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, এর আগে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে।
এ অভিযানকালে সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতছড়ি এলাকার লেবু বাগান নামক স্থানে ভারত হতে মাদক পাচারকারীরা কয়েকটি বস্তায় করে মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল ধাওয়া করে। এতে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে কার্টনের মধ্যে মালিকবিহীন অবস্থায় ৯৩ বোতল ভারতীয় মদ ও ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিনিধি/টিবি