images

সারাদেশ

ঈদকে ঘিরে জমে উঠেছে দিনাজপুরের ‘বউ বাজার’

জেলা প্রতিনিধি

০৭ মার্চ ২০২৬, ০৯:১১ এএম

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দিনাজপুরের মালদহপট্টিতে জমতে শুরু করেছে ভিড়। রাস্তা দু’পাশে সারি সারি রঙিন কাপড়, জুতা আর স্যান্ডেলের দোকান। দরদাম করছেন নারীরা, কেউ পছন্দের শাড়ি দেখছেন, কেউবা খুঁজছেন ঈদের জন্য নতুন পোশাক। নাম ‘বউ বাজার’, তবে এখানে বউ বিক্রি হয় না। বরং বউদের কেনাকাটার জন্যই বসে এই ব্যতিক্রমী বাজার। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুর শহরের এই বউ বাজার এখন ক্রেতাদের পদচারণায় সরগরম।

প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই দিনাজপুর শহরের মালদহপট্টি, চুড়িপট্টি ও বাসুনিয়াপট্টি এলাকায় রাস্তার দুই পাশে বসে ‘বউ বাজার’। মূলত বিভিন্ন দোকানের কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এই বাজার। কয়েক ঘণ্টার জন্য বসা এই বাজারে শুধুমাত্র নারীদের জন্য কম দামে বিভিন্ন ধরনের কাপড় বিক্রি করা হয়। তবে বর্তমানে নারীদের পাশাপাশি পুরুষদের কাপড়ও এখানে পাওয়া যাচ্ছে।

7efe69ce-78ab-46f9-a1f9-3e5b93d4117f

নাম বউ বাজার হলেও এখানে বউ পাওয়া যায় না। নারীরা এখানে কাপড় কিনতে আসেন বলেই বাজারটির এমন নামকরণ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই বাজারের পরিধি বেড়েছে। এখন শুধু কাপড় নয়, জুতা, স্যান্ডেলসহ নানা ধরনের পণ্যও পাওয়া যায় এখানে।

ঈদকে সামনে রেখে বাজারটিতে এখন উপচে পড়া ভিড়। সকাল থেকেই দল বেধে আসছেন নারীরা। কেউ পরিবারের জন্য কাপড় কিনছেন, কেউ আবার নিজের জন্য পছন্দের পোশাক খুঁজছেন। তুলনামূলক কম দামে ভালো মানের পণ্য পাওয়ায় এই বাজার ক্রেতাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

বউবাজারে কাপড় কিনতে এসে বৃষ্টি বেগম ঢাকা মেইলকে জানান, সামনে ঈদকে ঘিরে পরিবারের সবার জন্য কেনাকাটা করতে এখানে এসেছেন। নিজের জন্য একটি শাড়ি, কয়েকটি থ্রি-পিস ও ওড়না কিনেছেন, আর ছেলের জন্য নিয়েছেন শার্ট ও প্যান্ট।

ddcab61d-4846-4226-a086-11aae55bf091

তিনি আরও জানান, এখানে তুলনামূলক কম দামে ভালো মানের পোশাক পাওয়া যায়। তাই বউবাজারের মতো বাজার মধ্যবিত্ত পরিবারের জন্য বেশ সুবিধাজনক।

শহরের বালুবাড়ী এলাকা থেকে আসা ক্রেতা আশরাফুল ইসলাম বলেন, আমি নিজের জন্য একটি পাঞ্জাবি, স্ত্রীর জন্য একটি শাড়ি এবং মেয়ের জন্য একটি থ্রিপিস কিনেছি। এই বাজারে অন্যান্য মার্কেটের তুলনায় কম দামে ভালো কাপড় পাওয়া যায়। তাই সাশ্রয়ী দামের কারণে আমি আজ এখানে কেনাকাটা করতে এসেছি।

বউ বাজারে কাপড় কিনতে আসা কলেজছাত্রী নাজমিন আক্তার বলেন, অন্যান্য মার্কেটে সাধারণত কাপড়ের দাম বেশি থাকে। কিন্তু এখানে তুলনামূলক কম দামে ভালো কাপড় পাওয়া যায়। তাই ঈদের কেনাকাটার জন্যও আমি এখানে এসেছি। আর যখনই আমার কাপড়ের প্রয়োজন হয়, তখনই আমি শুক্রবারে এখানে এসে প্রয়োজনীয় কাপড় কিনে থাকি।

dfa7b973-a6f5-49fc-993f-df203e772ae0

বউ বাজারের কাপড় বিক্রেতা জহরুল ইসলাম ঢাকা মেইলকে ব‌লেন, ঈদ উপলক্ষ্যে বিক্রি ভালো হয়েছে। আশা করছি আজকে অন্য দিনের তুলনায় বিক্রি আরও ভালো হবে।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, মালদহপট্টি ও এর আশপাশের এলাকায় বউ বাজার বসে, যেখানে প্রতি শুক্রবার বিপুল সংখ্যক ক্রেতার সমাগম ঘটে। এ কারণে এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী পুলিশ ও সাদা পোশাকের পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে এবং ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন।

প্রতিনিধি/টিবি