images

সারাদেশ

মুন্সিগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ, ভাঙচুর

জেলা প্রতিনিধি

০৫ মার্চ ২০২৬, ১২:৩৪ পিএম

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে অবৈধ বালুর ড্রেজারসংক্রান্ত পূর্ব বিরোধের দ্বন্দ্বে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপাড় ও বিন্দুসার এলাকার স্থানীয় গ্রামবাসীর মধ্যে কয়েক দফা এ সংঘাতের ঘটনা ঘটে। এতে দুই গ্রামের উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আব্দুল্লাহপুর ইউনিয়নের বিন্দুসার এলাকার ইকবাল হোসেনে পক্ষের সঙ্গে ও পুলিন্দারপাড় এলাকার কামাল সাউদ পক্ষের অবৈধ ড্রেজার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার রাতে হঠাৎ করে উভয়পক্ষের কথা কাটাকাটি হয়। পরে তা থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হাতে থাকা টর্চ লাইট জ্বালিয়ে বিভিন্ন বাড়িতে হামলা চালায়।

অভিযোগ উঠেছে, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পাশাপাশি এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এরপর খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা আরও জানান, সম্প্রতি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০-১২ জন আহত হয়েছেন। এরই জের ধরে বুধবার রাতে উভয় পক্ষ আবারও সংঘাতে জড়ায়। এ সময় দুইগ্রামের মসজিদের মাইক ব্যবহার করে গ্রামবাসীকে সংঘর্ষে অংশগ্রহণের আহ্বান জানালে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় টর্চলাইট জ্বালিয়ে তফায় দফায় সংঘর্ষ হয়। এতে স্থানীয়দের বাড়িঘর ভাঙচুর ও বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটে। চলে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যৌথভাবে চেষ্টা চালিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, রাতে পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িতদের নাম পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তিনি আরও জানান, ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলে পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। সেখানে টহল পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/টিবি