উপজেলা প্রতিনিধি
০৪ মার্চ ২০২৬, ০১:২২ পিএম
ঢাকার দোহার উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ, ডিম বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম।
একজন গ্রাহক প্রতি ১ কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতি হালি ডিম ২৮ টাকা দরে ক্রয় করতে পারবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ১ কেজি গরুর মাংস, ১ কেজি দুধ ও ১২টি ডিম পাবেন বলেন জানায় প্রাণিসম্পদ কর্মকর্তা। প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান।
উদ্বোধনী দিনে ১২০ কেজি গরুর মাংস, ১ হাজার ৪০০ ডিম ও ৫০ লিটার দুধ বিক্রির টার্গেট নেওয়া হয়েছে।
দোহার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন জানান, এ কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম জানান, সাধারণ জনগণ সহজেই যাতে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করতে পারে সে লক্ষ্যে দোহার উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর মাসব্যাপী এ কার্যক্রম হাতে নিয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মুহম্মদ শামীম হোসেন, কৃষি কর্মকর্তা নিয়াজ মাহমুদ মিঠুন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকী প্রমুখ।
প্রতিনিধি/এসএস