জেলা প্রতিনিধি
০৩ মার্চ ২০২৬, ০৭:০০ পিএম
দীর্ঘদিন অবহেলিত পড়ে থাকা এক কিলোমিটার সড়ক সংস্কার করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। এতে হাজার হাজার চলাচলকারীর ভোগান্তি কমবে বলে জানান স্থানীয়রা।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেট থেকে উত্তর কৃষ্ণপুর মন্ডল পাড়া গ্রামের প্রায় এক কিলোমিটার সড়ক মাটি দিয়ে সংস্কার করেন তারা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করায় বড় বড় খানাখন্দকের সৃষ্টি হয়ে পানি জমে থাকে। সড়কটি দিয়ে স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ চলাচল করেন। বর্তমানে সড়কটি দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়লে যুবদলের উদ্যোগে রাস্তটি সংস্কারের কাজ করায় স্থানীয়দের মাঝে অনেকটা স্বস্তি ফিরেছে।
জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে খানাখন্দে ভরপুর এ রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়েছিল। এতে করে প্রতিনিয়তই ঘটত দুর্ঘটনা। নতুন করে রাস্তাটি সংস্কার করলে ওই অঞ্চলের মানুষের ব্যাপক উপকার হবে। সাধ্য মতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি। রাস্তাটি নতুন নির্মিত হওয়ার আগ পর্যন্ত যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন, তাই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী মাস্টার, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, আতিকুর হাসান সোহাগ, রেজহাত হোসেন রনি, নয়ন প্রধান, সাদ্দাম হোসেন, রাজীব, আকাশ, ফজল, শাকিল, ছাত্রদল নেতা পিয়াস আহমেদ পৃথিবী, আল ইমরান মন্ডল, ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস