জেলা প্রতিনিধি
০৩ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম
সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাতিল এবং পূর্বের নীতিমালা বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে খুচরা সার বিক্রেতারা।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২টায় পিরোজপুর শহরের সিইও অফিস চত্বরে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার সার বিক্রেতারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শেখ ওবায়দুল্লাহ, পিরোজপুর সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রুম্মান, স্বরূপকাঠি উপজেলা সাধারণ সম্পাদক বাদশা শেখ, জিয়ানগর উপজেলা সাবেক সভাপতি নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হেমায়েত শেখ, সদস্য আসাদ, হুমায়ুন।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে তারা এ ব্যবসার সঙ্গে জড়িত। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করে এবং বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগের মাধ্যমে তারা কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দেন। অনেক ক্ষেত্রে মৌসুমে কৃষকদের হাতে নগদ অর্থ না থাকলেও বাকিতে সার সরবরাহ করেন, যা কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন নীতিমালা চালু হলে তাদের এ ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই তারা এই নীতিমালা বন্ধ করে পূর্বের নীতিমালা চালু করার দাবি জানান।
পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানিয়ে খুচরা সার বিক্রেতারা নীতিমালা-২০২৫ পুনর্বিবেচনা করে তা স্থগিত ঘোষণা এবং পূর্বের নীতিমালা বহালের দাবি জানান।
প্রতিনিধি/এসএস