মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে সার বিক্রেতাদের সনদ বহালের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে সার বিক্রেতাদের সনদ বহালের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরসহ সারাদেশের ৪৪ হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে। একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন খুচরা সার বিক্রেতারা। 

মঙ্গলবার (৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ব্যানারে এ আয়োজন করা হয়। এতে সংগঠনের সদর, রায়পুর ও কমলনগর উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


বিজ্ঞাপন


এসময় উপস্থিত ছিলেন- খুচর সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সদর উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, রায়পুর উপজেলা সভাপতি মো. হানিফ ও খুচরা সার বিক্রেতা আবুল কাশেম প্রমুখ। 

সংগঠনের রায়পুর উপজেলা সভাপতি মো. হানিফ বলেন, করোনাকালীন সময় সরাসরি আমরা কৃষকদেরকে সার হস্তান্তর করেছি। আমাদের ৪৪ হাজার সার বিক্রেতা ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করে আসছে। কার্ড বাতিল করলে ঋণের কারণে আমাদের ব্যবসা বিলুপ্ত হয়ে যাবে। কৃষিখাতেও ধস নামবে।

সংগঠনের সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আমরা ৪৪ হাজার সার বিক্রেতা প্রায় ৩০ বছর ধরে ব্যবসা করে ৫ কোটি কৃষককে সেবা দিয়ে আসছি। আমরা না থাকলে কৃষক মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হবে। এটি কৃষকসহ ৬ কোটি পরিবার পরিজন নিয়ে আমাদের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে।

সংগঠনের সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, ১৩ নভেম্বর কোন নোটিশ না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল করেছে। সারাদেশে আমাদের ৪৪ হাজার রিটেইলার আছে। আমরা সারাদেশে ৫ কোটি কৃষককে সেবা দিয়ে আসছি। খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখতে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। 


বিজ্ঞাপন


সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম বলেন, সরকারি নীতিমালা ও প্রজ্ঞাপন অনুযায়ী আমরা কাজ করছি। খুচরা সার বিক্রেতাদের কার্ডবাতিল নিয়ে আমাদের কোন কিছু করার নেই।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর