images

সারাদেশ

শাহ আমানতে আরও ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ ২০২৬, ০১:৪৪ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় দেশের আন্তর্জাতিক বিমান যোগাযোগে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালেও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইনসের আরও ৭টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ সকালে নিম্নলিখিত ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি ফ্লাইট (এরাইভাল) বাতিল করা হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১টি বহির্গমন (ডিপার্চার) এবং ১টি আগত (এরাইভাল) ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার আরাবিয়া এয়ারলাইনসের মোট ৪টি ফ্লাইট বাতিল হয়েছে (২টি ডিপার্চার ও ২টি এরাইভাল)।

ফ্লাইট বিপর্যয়ের মধ্যেও কিছু রুটে বিমান চলাচল অব্যাহত রয়েছে। আজ সকাল ৮:০৫ মিনিটে মাস্কাট থেকে সালাম এয়ারের (OV-401) একটি ফ্লাইট অবতরণ করে এবং পুনরায় যাত্রী নিয়ে সকাল ৯টা ১৫ মিনিটে মাস্কাটের উদ্দেশে (OV-402) ছেড়ে যায়। এ ছাড়া মদিনা থেকে আসা বিমান বাংলাদেশের (BG-138) একটি ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে অবতরণ করে এবং ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই যুদ্ধাবস্থার কারণে আজ সকাল পর্যন্ত গত চার দিনে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ার খবর পাওয়া গেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রেখে পরবর্তী আপডেট জানার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রতিনিধি/টিবি