images

সারাদেশ

রংপুরে গুলি করে হত্যার হুমকির ঘটনায় এবার তাঁতিদলের নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৩ মার্চ ২০২৬, ০৭:২৩ এএম

রংপুরে ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখল নিয়ে গুলি করে হত্যার হুমকির ঘটনায় সম্পৃক্ত থাকার প্রমাণ সাপেক্ষে এবার জেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক মুরাদ মিথুনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২ মার্চ) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করছেন রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের ডিসি সনাতন চক্রবতি।

এর আগে মুরাদ মিথুনকে রাত সাড়ে ৯টায় নগরীর নুরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই ঘটনায় জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে গ্রেফতার করে র‌্যাব ১৩।

পুলিশ সূত্রে জানা যায়, ইন্টারনেট অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও বাসায় গিয়ে হত্যার হুমকির অভিযোগে রোববার রাত সাড়ে ৩টার দিকে নগরীর কোতয়ালি থানায় ক্যাবল ওয়ান ও মায়া সাইবার ওয়ার্ল্ড পৃথক দুটি মামলা দায়ের করে। মামলায় জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ক্যাবল ওয়ানের জিএম রায়হান আহম্মেদ পরাগ এবং মায়া সাইবার ওয়ার্ল্ডের সহকারী হিসাব রক্ষক মো. রাসেল।

মামলার এজাহারে বলা হয়েছে, নগরীর কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের লাইন কেটে দেয়। এতে গ্রাহকরা মারাত্মক ভোগান্তির শিকার হয়েছেন এবং দুই প্রতিষ্ঠান প্রায় ৭ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছে। এ ঘটনায় মায়া সাইবার ওয়ার্ল্ডের পপ ম্যানেজার রেবেকা হারুন সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ তুলে ধরেন। এরপর পরিস্থিতি চরম আকার ধারণ করে। রোববার বিকেলে গালিব ও মনুসহ আনুমানিক ১৫-২০ জন প্রতিষ্ঠানের অফিসে ঢুকে স্টাফদের ওপর মারমুখী আচরণ চালায়। এ সময় তামজিদুর রশিদ গালিবের নির্দেশে অন্য আসামিরা অতর্কিত হামলা চালিয়ে মারধর করে এবং অফিসের গুরুত্বপূর্ণ ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি ভাঙচুর করে এবং কামাল কাছনা এলাকায় আসামি তামজিদুর রশিদ গালীবকে নতুন ফিড অপারেটর হিসেবে নিয়োগ দিতে চাপ দেয়। এ সময় আকিবুল রহমান মনু প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহাদী হাসান কাফিকে মোবাইলে হুমকি দেন, ‘তুই আওয়ামী লীগের দালালি করছিস। আজকে বিকেলের মধ্যে যদি সমাধান না করিস তাহলে তোর বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব।’

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের ডিসি সনাতন চক্রবতি বলেন, ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখল নিয়ে গুলি করে হত্যার হুমকির ঘটনায় সম্পৃক্ত থাকায় জেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক মুরাদ মিথুনকে নগরীর নুরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হবে। অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এদিকে, অভিযুক্ত দুই নেতাকে রোবাবার রাতেই বহিষ্কার করেছে যুবদল। সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

প্রতিনিধি/টিবি