images

সারাদেশ

সরকারি পুকুর দখল নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি

০২ মার্চ ২০২৬, ০৮:১২ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) সকালে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- গোয়ালপাড়া গ্রামের ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, গোয়ালপাড়া গ্রামের প্রায় ৫ বিঘা আয়তনের একটি খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের মধ্যে বিরোধ চলছিল। আছমত আলী গত ১৫–১৬ বছর ধরে গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটি চাষাবাদ করে আসছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। সোমবার সকালে তিনি লোকজন নিয়ে মাছ ধরতে পুকুরে জাল ফেললে আছমত আলীর লোকজন বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় হাসুয়া, দা ও লাঠিসোটা নিয়ে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আওয়ামী লীগ-সমর্থিত চারজন এবং বিএনপি-সমর্থিত সাতজন গুরুতর আহত হন। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুপুর ২টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের মৃত্যু হয়।

ওসি আরও জানান, পুকুর দখলকে কেন্দ্র করে ২০০৭ সালে ফজলার রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছিলেন।

ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে পুকুরটি আওয়ামী লীগ-সমর্থিতরা চাষাবাদ করত। ৫ আগস্টের পর আবু বক্কার সিদ্দিক পুকুরটি লিজ নিলেও সেখানে মাছ ধরতে দেয়নি আছমত আলীর লোকজন। আজ সকালে মাছ ধরতে গেলে হামলা চালিয়ে দুজনকে হত্যা করা হয়েছে।’

তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করেন।

আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, ‘পুকুর নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুজন কর্মী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

এমআই