images

সারাদেশ

রাজবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

০১ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম

রাজবাড়ী সদর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় বরকত শেখ নামে এক মাদকসেবীর লাঠির আঘাতে মো. শমশের আলী শেখ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১ মার্চ) ভোর ৬টার দিকে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌরিপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শমশের আলী শেখ ওই গ্রামের মৃত সোবহান শেখের ছেলে। স্থানীয়রা অভিযুক্ত ঘাতক বরকত শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বরকত শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন করে আসছিলেন। প্রতিবেশী শমশের আলী শেখ তাকে মাদক ছাড়তে এবং এলাকায় নেশা করতে বারবার বাধা প্রদান করেন। এই নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

আরও পড়ুন

সাদুল্লাপুরে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রোববার ভোরে বরকত শেখ প্রতিবেশী শমশের আলীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর শুরু করেন। এসময় শমশের আলী বাধা দিতে গেলে বরকত ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসেবী বরকত শেখ ভোরে প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর চালানোর সময় বাধা দিতে গেলে শমশের শেখের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তার মৃত্যু হয়। স্থানীয়রা অভিযুক্তকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। এই ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস