গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এবিএম জাকারিয়ার সরকার জামিল (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ মার্চ) বিকেলের দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা এলাকা থেকে জাকারিয়ার সরকার জামিলের মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত জামিল সরকার নলডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী মাহাবুব আলমের ছেলে। সে স্থানীয় কান্তনগর মাদরাসা থেকে দাখিল পরীক্ষার্থী ছিল।

নিহতের স্বজনরা জানায়, একই গ্রামের বেলাল মিয়া ও আমেনা বেগম গংদের সঙ্গে জামিল সরকারের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে গত ২২ ফেব্রুয়ারি বেলাল মিয়ারা দলবদ্ধ হয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিতে গিয়ে লাঠি ও অস্ত্রের আঘাতে জামিল সরকারসহ তাদের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে বুকে আঘাতপ্রাপ্ত জামিল সরকার বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায়, রোববার সকালের দিকে রংপুরে চিকিৎসার জন্য নেওয়ার পথে জামিল সরকার মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে নিহত এবিএম জাকারিয়ার সরকার জামিলের চাচা বাবুল মিয়া বলেন, প্রতিপক্ষ বেলাল মিয়া গংদের লাঠির আঘাতে আমার ভাতিজার মৃত্যু হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস

