জেলা প্রতিনিধি
০১ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, চৌমুহনী পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের হাজীপুরস্থ একটি সেমাই কারখানায় আকস্মিক পরিদর্শন করেন ইউএনও। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই প্রস্তুত করে মোড়কজাত করতে দেখা যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই সেমাই ব্যবসায়ীকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই দিনে, কলেজ রোড সংলগ্ন পাইকারি বাজারগুলোতে মালামাল লোডিং ও আনলোডিং কার্যক্রম তদারকি করার সময় প্রধান সড়কে মালামাল রেখে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে বিভিন্ন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমান জানান, আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে জনস্বাস্থ্যের সুরক্ষা এবং বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সড়কে যানজট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস