images

সারাদেশ

কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

জেলা প্রতিনিধি

০১ মার্চ ২০২৬, ১২:৩৪ পিএম

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে খালেদা বিবি নামে এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দীপেন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা বিবি এলতা উত্তর পাড়া গ্রামের আব্দুল খালেক এর মেয়ে ও আব্দুল বাকির স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল বাকি ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ লেগেই থাকতো। বিভিন্ন অজুহাতে বাকি তার স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা দাবি করতেন। টাকা না পেলে স্বর্ণের গহনা ও মোবাইল ফোন নিয়ে বিক্রি করতেন। একইভাবে শনিবার বিকেলে তার স্ত্রীর স্বর্ণের চেইন এবং মোবাইল নিয়ে নেন। পরে তার স্ত্রী গ্রামের লোকজনদের জানালে পারিবারিক বৈঠকের মাধ্যমে তা খালেদা বিবিকে ফেরত দেওয়া হয়। বৈঠক শেষে গ্রামবাসীরা স্থান ত্যাগ করলে স্বামী-স্ত্রী এক সঙ্গে ঘরে প্রবেশ করেন। পরে রাত আনুমানিক ৩টার দিকে সাহরি খাওয়ার জন্য তাদের বাসায় থাকা কাজের লোক মৌসুমি আব্দুল বাকিকে ডাক দেন। এসময় আব্দুল বাকি দরজা খুলে দ্রুত সেখান থেকে চলে যান। পরে মৌসুমি রুমে এসে খালেদা বিবিকে গলায় ওরনা প্যাঁচ দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন এবং খালেদার স্বামী তাকে হত্যা করে পালিয়েছে বলে ধারণা করে। পরবর্তীতে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কালাই থানার ওসি তদন্ত দীপেন্দ্র নাথ জানান, পুলিশ ঘরের ভিতর খালেদা বিবিকে ওড়না প্যাচানো অবস্থায় পেয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি