images

সারাদেশ

জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কৃষক আতর শেখ (৫৫) নিহত হবার ঘটনায় মূল হোতা ও মামলার এজাহার নামীয় ১ নম্বর আসামি সামসুল হক সূর্য্যকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান।

গ্রেফতার সামসুল হক সূর্য্য রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া এলাকার মৃত জাবেদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে সামসুল হক সূর্য্য মিয়া ও কুদ্দুস শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগ রয়েছে, গত সোমবার সকাল ৭টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে সূর্য্য মিয়া তার সমর্থকদের নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে প্রতিপক্ষ কুদ্দুস শেখ, খালেক শেখ ও বারেক শেখসহ তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় আতর শেখ (৫০)কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতর শেখ মারা যায়।

এ ঘটনায় গত ২৩ ফেব্রুয়ারি রাতেই নিহত আতর শেখের ভাই রজব আলী শেখ বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০/৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের হলে পুলিশ এজাহার নামীয় ১ নম্বর আসামি সামসুল হক সূর্য্যকে গ্রেফতার করেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি সূর্য্যকে গ্রেফতার করেছে। মামলার অপর আসামিদের গ্রেফতাররে অভিযান চালানো হচ্ছে। এর আগে মামলার ৩ নম্বর আসামি শাহিন মিয়াকে গ্রেফতার করা হয়।

প্রতিনিধি/টিবি