জেলা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ এএম
রংপুর নগরীর পরিচ্ছন্ন রাখতে ও সৌন্দর্য বাড়াতে অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও মহানগর পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কাছারি বাজারে কার্যক্রম শুরু হয়। এসময় পুলিশের সহযোগিতায় কাছারি বাজার থেকে চেকপোস্ট পর্যন্ত সড়কের ডিভাইডার ও দু’ধারের অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়। অভিযানের সময় অনেকে নিজেরাই অপসারণের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুযায়ী অনেকেই নিজেরা অপসারণ করে নেন তাদের প্রচারণা।
সরেজমিনে দেখা যায়, নগরীর প্রধান সড়কসহ পুরো নগরীজুড়ে এখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ফেস্টুন, বিলবোর্ড, ব্যানার ছাড়াও বিভিন্ন কোচিং সেন্টার, মাল্টিন্যাশনাল কোম্পানি ও বিভিন্ন ধরনের প্রচারপত্র শোভা পাচ্ছে। এতে করে নগরীর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
এদিকে নগরীর পরিচ্ছন্ন রাখতে ও সৌন্দর্য বাড়াতে অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু হওয়ায় নগরবাসী সাধুবাদ জানিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশাসনকে ধন্যবাদ দিয়ে পোস্ট দিয়েছেন। এরকম অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান নগরবাসী।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, মহানগর পুলিশ ও সিটি করপোরেশনের সহযোগিতায় নগরীকে পরিচ্ছন্ন রাখতে কার্যক্রম শুরু হলো। আমরা রংপুর নগরীকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চাই। অযথা ব্যানার ফেস্টুন নগরীর সৌন্দর্য একেবারে নষ্ট করেছে। আমরা নগরীর সৌন্দর্য ফেরাতে চাই। এজন্য নগরবাসীর সহযোগিতা চাই।

মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, আইন মেনে ব্যানার ফেস্টুন সরানো হচ্ছে। যারা আইন মানবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিয়ে ব্যানার, ফেস্টুন লাগানো হলেও সেগুলো যেন মার্জিত হয় এবং নগরীর সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা সবাই মিলে নগরীকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী চাই। এজন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ সময় রংপুর সিটি করপোরেশনের সচিব রাকিব হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস