জেলা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ এএম
বাগেরহাটে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইদ্রিস শেখ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার মান্দ্রা কালিপুর এলাকায় ওই সংঘর্ষে ঘটনা ঘটে। বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইদ্রিস শেখ মান্দ্রা কালিপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন ইদ্রিস শেখসহ (৬০) অন্তত আট জন। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইদ্রিস শেখ চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে সন্ধ্যার পরে মারা যান।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, জমি নিয়ে বিরোধের ঘটনায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস