images

সারাদেশ

চুয়াডাঙ্গাকে চাঁদাবাজ ও সিন্ডিকেটমুক্ত করার ঘোষণা

জেলা প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ এএম

চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলাকে চাঁদাবাজি, মাদক ও অসাধু সিন্ডিকেটমুক্ত করে একটি আদর্শ, বিনিয়োগবান্ধব ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।

সভায় সংসদ সদস্যবৃন্দ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনা করেন। তারা স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনো মূল্যে চুয়াডাঙ্গা সদর উপজেলাকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে। বিশেষ করে মৎস্য চাষকে কেন্দ্র করে গড়ে ওঠা অসাধু সিন্ডিকেট ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

তারা বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলাকে একটি সুশাসিত ও মডেল উপজেলায় রূপান্তর করতে প্রশাসনের সকল দপ্তরের মধ্যে সমন্বিত ও জবাবদিহিমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করারও আহ্বান জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা জানান, সংসদ সদস্যদের নির্দেশনা বাস্তবায়নে একটি আধুনিক, নিরাপদ ও নাগরিকবান্ধব উপজেলা গড়তে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভিন, যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা তাসলিমা নাসরিনসহ বিভিন্ন দপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট প্রশাসনিক প্রতিনিধিরা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রতিনিধি/টিবি