জেলা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে মাদারীপুরের শিবচর বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ছদ্মবেশ ধারণ করে ক্রেতা সেজে বাজার ঘুরে দ্রব্যমূল্য যাচাই করেন। সত্যতা পাওয়ায় অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানকালে মাছ, মাংস, ফল, মুদিসহ ৭টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে বোরকা পরে ছদ্মবেশে ক্রেতা সেজে শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি, ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিভিন্ন সমস্যা দেখতে পান।


পরে তিনি ছদ্মবেশ ত্যাগ করে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া, খাসির মাংস একই দামে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করেন। এ দিন অন্য ব্যবসায়ীদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি পরে অভিযান পরিচালনা করি। এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থে পরবর্তীতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস