জেলা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে অন্তত ১২টি বাড়ি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শেখড়া গ্রামের বাবুল মোল্লার সঙ্গে গোলাম মোস্তফা সরকারের দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় বাবুলের এক সমর্থক মুকুল হোসেন মোল্ল্যাকে (৪৫) কুপিয়ে যখম করে মোস্তফা সরকারের সমর্থকরা। এরই জেরে রাতে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ৪ জন। ভাঙচুর করা হয় উভয় পক্ষের ১২টি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা থানা ওসি হুমায়ুন কবির মোল্ল্যা জানান, এখন পর্যন্ত এলাকায় দু’পক্ষের মাঝে উত্তেজনা চলছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
প্রতিনিধি/এসএস