বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নড়াইলে আবারও ধানের শীষ ও কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৬

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ এএম

শেয়ার করুন:

নড়াইলে আবারও ধানের শীষ ও কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৬
সংঘর্ষে আহতরা নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর উপজেলায় নির্বাচনী বিরোধ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধানের শীষ ও বিদ্রোহী কলস প্রতীকের পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতিসহ অন্তত ছয় জন আহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ও সন্ধ্যায় সদরের হবখালী ইউনিয়নের বাগডাঙ্গা এলাকায় দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা বর্তমানে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


আহতরা হলেন— সৈয়দ আতিয়ার রহমান (ওয়ার্ড বিএনপির সভাপতি), আইয়ুব আলী (৫০), শওকত আলম ওরফে রেন্টু (৬৫), খিজির হোসেন (৪৮), মাহিন আলী (২৬) ও আশরাফুল শেখ (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা বিএনপির সাবেক নেতা রিয়াজুল ইসলাম টিংকু এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আতিয়ার রহমান গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। সদ্য সমাপ্ত নির্বাচনে টিংকু গ্রুপ ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে কাজ করে। অন্যদিকে, আতিয়ার রহমানের সমর্থকরা বহিষ্কৃত বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলামের কলস প্রতীকের পক্ষে অবস্থান নেন। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে উভয় প্রার্থী পরাজিত হওয়ার পর এই বিরোধ চরমে ওঠে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বাগডাঙ্গা বাজারে প্রথম দফা সংঘর্ষে টিংকু গ্রুপের আশরাফুল শেখ (৩০) গুরুতর আহত হন। পরবর্তী সময়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দ্বিতীয় দফা হামলায় আতিয়ার রহমান ও তার পক্ষের পাঁচজন আহত হন।

আহত আশরাফুল শেখের অভিযোগ, নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করায় আতিয়ারের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে, ওয়ার্ড বিএনপি সভাপতি সৈয়দ আতিয়ার রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, হামলাকারীরা মূলত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা চায় না নির্বাচনের পর এলাকায় বিএনপির লোকজন থাকুক। বাজারে আমার ওষুধের দোকানে বসে থাকা অবস্থায় ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।


বিজ্ঞাপন


নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, স্থানীয় আধিপত্য ও নির্বাচনী বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিবেশ শান্ত আছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলার গাবতলা এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৪ জন আহত হন। একই দিনে বেলা ১১টায় লোহাগড়া উপজেলায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় ধানের শীষের এক সমর্থক শামিম শেখ এবং নান্নু শেখ নামে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে কলস প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর