জেলা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম
বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন বন্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ছবি টানানো, নতুন সাইনবোর্ড স্থাপন ও জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যার পর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামীম কাগজে মোড়ানো ছবি নিয়ে পরিত্যক্ত কার্যালয়ের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন। এরপর তারা দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানিয়ে ফুলের মালা দেন। পাশাপাশি প্রধান ফটকের ওপরে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, বেতাগী উপজেলা’ লেখা স্টিকার লাগানো এবং কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়।
অন্য একটি ভিডিও বার্তায় সিফাত সিকদারকে বলতে শোনা যায়, দলীয় কার্যালয় খোলার জন্য কেন্দ্রীয় নির্দেশনা পাওয়ার পরই তারা সেখানে প্রবেশ করেন এবং নেত্রী ও জাতির পিতার ছবি টানান। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ গণমানুষের দল এবং নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের ভাবার সময় নেই।

এ ঘটনায় বরগুনা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে এমন কর্মকাণ্ড রাষ্ট্রীয় আইনের পরিপন্থি। বিষয়টি পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের নজরে এসেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস