জেলা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেফতার দেখানোর পাশাপাশি আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিস্ফোরক আইনে দায়ের করা এই মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে বোমা বিস্ফোরণে আহত তিন যুবকও রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন এই তিনজনকে পুলিশি নজরদারিতে রাখার পর মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৪ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা বানানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে জিহাদ আলী ও আল আমিন নামে দুই যুবক নিহত হন।
এ সময় গুরুতর আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিনিধি/এসএস