উপজেলা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম
ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে আসেন ৮৫ বছরের বৃদ্ধ কবির হোসেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মিরসরাই উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দিয়ে কবির হোসেন বলেন, একে তো বয়স হয়েছে, তার উপর অসুস্থ ছেলের কোলে ভর করে কেন্দ্রে এসেছি। ভোট দিয়েছি, এটা হয়ত আমার জীবনের শেষ ভোট। যাকে ভোট দিয়েছি সে যদি জিতে তাহলে আরো ভালো লাগবে।
কবির হোসেন মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সালাহ উদ্দিনের ছেলে।
একই কেন্দ্রে ভোট দিতে আসা গৃহবধূ আসমা আক্তার বলেন, ১৭ বছর ভোট দিতে পারিনি। অনেক খুশী মনে ভোট দিতে আসছি। সঙ্গে বাড়ির সব মহিলাকে নিয়ে কেন্দ্রে আসছি।
বৃহস্পতিবার সকাল থেকে মিরসরাই উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, দিনের শুরুতে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অনেক ভোটার বেড়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রমতে, মিরসরাইয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮১১ জন, তৃতীয় লিঙ্গ ভোটার ৪ জন। পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশন করেছেন ৬ হাজার ৫৭২। পোস্টাল ছাড়া ভোটার হলো ৩ লাখ ৮০ হাজার ১০২টি ভোট। মোট ভোট কেন্দ্র ১০৬টি, মোট বুথের সংখ্যা ৭১৮। ১০৬টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের করা হয়েছে। মিরসরাই থানায় ৪৯টি কেন্দ্রের মধ্যে ২১টি অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ), জোরারগঞ্জ থানার ৫৭টি কেন্দ্রের মধ্যে ২৮টি অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। দুইটি থানা মিলিয়ে ১০৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৮টি ঝুঁকিপূর্ণ। এ আসনে এবার ১৮ বছর থেকে ৩৩ বছর বয়সের ভোটার রয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৭২ জন।

জানা গেছে, এ আসনে প্রার্থী রয়েছে ৭ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আসম আঃ রব) মনোনীত প্রার্থী একেএম আবু ইউসুফ।
প্রতিনিধি/এসএস