জামায়াতে ইসলামীকে ‘জাতীয় প্রতারক দল’ আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ভোটের জন্য জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করছে, জান্নাত বিক্রি করছে। তাই ‘জান্নাত পার্টি’ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে।
বিজ্ঞাপন
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনাল মাঠে শেষ নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের বাঁক পরিবর্তন হবে।’
অন্তর্বর্তী সরকারের কিছু ব্যর্থতার কথা বলে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিন থেকেই উন্নয়ন কর্মকাণ্ড শুরু করা হবে এবং সর্বাগ্রে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
কক্সবাজারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই জেলার সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জীবনমান পরিবর্তন করা হবে। পর্যটন, অবকাঠামো ও কর্মসংস্থানে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।’
বিজ্ঞাপন
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের সন্তানেরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র ও গণতান্ত্রিক সংস্কারের জন্য। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য আর কাউকে জীবন দিতে হবে না।’
ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, ‘বিএনপির ইতিহাস এ দেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস, গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ তারিখ আপনারা সবাই নির্ভয়ে ধানের শীষে ভোট দেবেন। ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে, কারণ বিএনপির সরকার মানেই জনগণের সরকার।’
দুপুর থেকেই চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। ঢাকঢোল, স্লোগান ও নাচ-গানে মুখর হয়ে ওঠে বাস টার্মিনাল এলাকা। অনেকের হাতে ছিল ব্যানার, ফেস্টুন, দলীয় ও জাতীয় পতাকা এবং ধানের শীষ প্রতীক।
বিকেল গড়াতেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জায়গার সংকটে অনেককে ভবনের ছাদ ও বিলবোর্ডে অবস্থান নিতে দেখা যায়। বিকেল ৫টার দিকে মঞ্চে ওঠেন সালাহউদ্দিন আহমদ। হাত নেড়ে শুভেচ্ছা জানালে করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা।
জনসভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী হাসিনা আহমদ এবং তার ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ।
প্রতিনিধি/একেবি

