জেলা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ এএম
মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী বলেছেন, ঈদের মতো খুশি হয়ে মানুষ ভোট দিচ্ছে, দীর্ঘ লাইনই এই খুশির প্রমাণ করে দেয়। তবে ভোটগ্রহণ চলছে ধীরগতিতে। বুথ বাড়ানো হলে দ্রুত ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুরের শিবচরের মাদবরচর ইউনিয়নের খাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটপ্রদান শেষে এ কথা বলেন নাদিরা আক্তার মিঠু চৌধুরী।

বিএনপি মনোনীত এই প্রার্থী আরও বলেন, বিগত ১৭ বছর কেউ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এই নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। ফ্যাসিবাদীদের সময় ভোটের মাঠ ফাঁকা ছিল। এবারের নির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক আছে। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী-পুরুষ উভয়ে লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। জয়-পরাজয় যাই হোক হাসিমুখে মেনে নেবেন বলেও জানান তিনি।

মাদারীপুরের শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসন। একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ২৮৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৪১ জন। নার ভোটার আছে ১ লাখ ৫৫ হাজার ২৪৬ জন। এছাড়া ২ জন রয়েছে হিজড়া ভোটার। মোট ভোট কেন্দ্র ১০২টি। মাদারীপুর-০১ এই আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী (ধানের শীষ), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আবদুল আলী (কাস্তে), জাতীয় পার্টির মুহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু (লাঙ্গল), খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উবিন আহমাদ হানজালা (রিকশা), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা আকরাম হুসাইন (হাতপাখা), গণ অধিকার পরিষদের রাজিব মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মো. হাফিজুর রহমান (আনারস), স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু (ফুটবল), কামাল জামান নুরুউদ্দিন মোল্লা (জাহাজ) ও ইমরান হাসান (হরিণ)।
প্রতিনিধি/এসএস