জেলা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলীয় প্রার্থী সালাউদ্দিন আহমদ ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, জনগণ আমাকে বারবার নির্বাচিত করেছে। তারা আমাকে চেনে, জানে এবং ভালোবাসে। আমি তাদের পরীক্ষিত সন্তান। এবারও তারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশাবাদী।
এর আগে সকাল আটটার দিকে তিনি ভোটারদের সারিতে দাঁড়ান। এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভোটের পরিবেশ তৈরি হয়েছে। আমি ভোটার লাইনে দাঁড়িয়েছি, এটি অত্যন্ত আনন্দের বিষয়। এ দেশের মানুষ ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে, মার খেয়েছে, রক্ত দিয়েছে। আজ সেই ভোটাধিকার প্রয়োগ হচ্ছে। মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়ে কেন্দ্রে আসছেন। এই যাত্রায় আমরা একটি নতুন বাংলাদেশ পাব।
পেকুয়া উপজেলায় মোট ৪৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৯০০ জন।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, কেন্দ্রে ছয়টি বুথ রয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ৩৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রতিনিধি/এসএস