জেলা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ এএম
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ছোট ঘি কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরা হাসান।
তিনি বলেন, আমাদের স্কুলে ভোট কেন্দ্র উপলক্ষে চার টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। গত (৯ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে ঢুকে একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়। ক্যামেরায় সংযোগ না থাকায় চোরের কোনো ফুটেজ নাই আমাদের কাছে। তবে চুরির বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। সেই সাথে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরি মোস্তাফিজুর রহমান বলেন, গত সোমবার স্কুল ছুটির পর ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষকরা। যার কারণে ক্যামেরা চোর শনাক্ত করা যায়নি। তবে বিদ্যালয়ের বাকি ৩টি ক্যামেরা দিয়েই নজরদারি করা হচ্ছে।
উল্লেখ্য, রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে ১৯৮টি ভোটকেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৬ জন।
প্রতিনিধি/এসএস