শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

আশুলিয়ায় ভোট কেন্দ্র দখলচেষ্টার অভিযোগ, বিএনপির ১৩ নেতাকর্মী আটক

সাভার প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ এএম

শেয়ার করুন:

আশুলিয়ায় ভোট কেন্দ্র দখলচেষ্টার অভিযোগ, বিএনপির ১৩ নেতাকর্মী আটক
আশুলিয়ায় ভোট কেন্দ্র দখলচেষ্টার অভিযোগ, বিএনপির ১৩ নেতাকর্মী আটক। ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় দুটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন—মধুপুর এলাকার আব্দুর রহমান (৪২), শাহজাহান বেপারী (৬৪), মোহাম্মদ সরোয়ার (৫২), মো. জুলহাস উদ্দিন (২৪), মো. সুমন (২৩), মো. সুজন (২০), মো. শাহিনুর ইসলাম (৩০), মো. সুমন (৩৬) ও গোপীপাড়া এলাকার মোহাম্মদ নুরুল ইসলাম (৩৫)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তাঁরা বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক।

এ সময় ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলাম কেন্দ্রেও পৃথক অভিযানে আরও চারজনকে আটক করা হয়। তাঁরা হলেন—মো. মন্টু মিয়া (৩৫), মো. জুয়েল মিয়া (৩৬), কবির হোসেন (৩৭) ও রাকিব হোসেন (৩৯)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, তাঁরাও একই প্রার্থীর সমর্থক।

আশুলিয়া থানার ডিউটি কর্মকর্তা এসআই সায়মন শেখ বলেন, সেনাবাহিনী রাতেই ১৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাঁরা থানা হেফাজতে আছেন। যাচাই–বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


বিজ্ঞাপন


এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর